ইতিহাসের সেরা বিপিএলের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই আসরটা শেষ পর্যন্ত শেষ হয়েছিল বিতর্কিত দিয়ে। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢেলে সাজালেন বিপিএল কমিটিকে। বৃহস্পতিবারের বোর্ড সভায় বিপিএল চেয়ারম্যান করা হয়েছে মাহবুব আনামকে। তবে বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবেই থাকছেন। আরেক বিসিবি পরিচালক ফাহিম সিনহা আছেন কমিটির সদস্য হিসেবে।
এদিকে ক্রিকেট বোর্ডের সভাপতির তিনজন উপদেষ্টা কমিটি গঠন হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে মো. সাখাওয়াত হোসেনকে হসপিটালিটি শিল্পে বিশেষজ্ঞ, সৈয়দ আবিদ হোসাইন সামিকে স্পোর্টস মিডিয়া অ্যানালিস্ট ও ব্যারিস্টার শেখ মাহাদীকে আইন বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই কমিটি নিয়ে হচ্ছে বিতর্ক। গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতি সর্বোচ্চ ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করতে পারেন। গঠনতন্ত্রের অনুযায়ী, তাদের হতে হবে খ্যাতনামা ক্রিকেটার বা প্রখ্যাত ক্রিকেট সংগঠক। তবে এই তিনজনের খ্যাতনামা ক্রিকেটার কিংবা প্রখ্যাত সংগঠক নন।
এদিকে বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভাগীয় শহরগুলোয় বিশেষ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। পরশু থেকে পাঁচ বিভাগীয় শহর ও রাজধানী মিরপুরে হবে ‘ক্রিকেট কার্নিভ্যাল’ শীর্ষক সিক্স-এ-সাইড অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট। এক দিনব্যাপী এসব আয়োজনে থাকবে ছোট দৈর্ঘ্যের ম্যাচ ও চিত্র প্রদর্শনী। ২২ ও ২৩ জুন কার্নিভ্যাল ম্যাচ দেখতে রাজশাহী ও সিলেটে থাকার কথা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।



