Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রকৃতি রক্ষায় পরিবেশকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি চান উপদেষ্টা রিজওয়ানা

শুক্রবার নটর ডেম কলেজে ১৫তম প্রকৃতি সম্মেলনে বক্তব্যে দেন রিজওয়ানা হাসান। ছবি : পিআইডি
শুক্রবার নটর ডেম কলেজে ১৫তম প্রকৃতি সম্মেলনে বক্তব্যে দেন রিজওয়ানা হাসান। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

পরিবেশ, পানি, ভূমিসহ সব ধরনের জীবজগৎসহ বাস্তুসংস্থান ও বাস্তুতন্ত্র রক্ষায় পরিবেশকেন্দ্রিক দর্শন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বাসস জানিয়েছে, শুক্রবার রাজধানীর নটর ডেম কলেজে ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। নটর ডেম নেচার স্টাডি ক্লাব (এনডিএনএসসি) ‘প্লাস্টিকমুক্ত বিশ্বের দিকে প্রয়াস’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করেছে।

রিজওয়ানা হাসান বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি মানুষকেন্দ্রিক না হয়ে পরিবেশকেন্দ্রিক হতে হবে। প্রকৃতিকে আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। প্রকৃতিকে পরিবর্তন করার চেষ্টা করা উচিত নয়; এর নিজস্ব নিয়ম মেনে চলা উচিত।”

নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিওর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, নটর ডেম নেচার স্টাডি ক্লাবের মডারেটর বিপ্লব কুমার দেব এবং প্রতিষ্ঠাতা মডারেটর মিজানুর রহমান ভূঁইয়া।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উন্নয়নের ধরন বদলাতে হবে। ভুল কাজের কারণে খাবার ও পানীয় নিরাপদ নেই। প্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। বায়ু, মাটি ও পানি রক্ষা করা জরুরি।

তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্ব। বৃক্ষরোপণ, জলাশয় রক্ষা এবং প্লাস্টিক দূষণ কমানোর মতো ছোট ছোট উদ্যোগ প্রকৃতিকে বাঁচাতে বড় ভূমিকা রাখে।

এসময় তিনি তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, “পরিবেশ সংরক্ষণ মানবাধিকারের অংশ। এটি মানুষের পাশাপাশি প্রাণিদেরও অধিকার। আমাদের প্রকৃতিকেন্দ্রিক হতে হবে। যা সৃষ্টি করা যায় না, তা ধ্বংস করাও উচিত নয়।”

এসময় তিনি অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করার, প্লাস্টিক বোতল ব্যবহার না করার এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দেন।

অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের অবদানের জন্য মুকিত মজুমদার বাবু, মিজানুর রহমান ভূঁইয়া এবং ড. ফাদার হেমন্ত পিউস রোজারিওকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। উপদেষ্টা বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের ১২শ শিক্ষার্থী অংশ নিয়েছে। তাদের চিত্রাঙ্কন, গ্রিন ইভেন্ট, গ্রিন ডিবেট ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রদর্শনীতে উৎসবমুখর ছিল নটর ডেম কলেজ ক্যাম্পাস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত