যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার মধ্যরাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও।
বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের কিছু সদস্যকে ঘিরে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’’
বিসিবি জানিয়েছে, এই কমিটি নারী দলের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে। বোর্ড আশা করছে, এই তদন্তের মাধ্যমে বিষয়টির স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাধান পাওয়া যাবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছিলেন। তাঁর দাবিকে যৌক্তিক মনে করছেন অনেকেই। এমনকি বিসিবির অনেক কর্মকর্তাও মনে করেন অভিযোগ সত্য না মিথ্যা, সেটার তদন্ত স্বাধীন, নিরপেক্ষ একটা কমিটির মাধ্যমেই হওয়া উচিত।



