এক অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি জানিয়েছিলেন, মাত্র ২ মাস খেলার মধ্যে থেকে ফিটনেস ধরে রাখা কঠিন। আইপিএল চালিয়ে যাবেন কিনা, এমন প্রশ্নে কথাটা বলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। এরপর পেরিয়ে গেছে কয়েক বছর, ধোনি আইপিএলের সঙ্গেই আছেন। ২০২৬ সালের আসরেও থাকবেন তিনি। চেন্নাই সুপার কিংস থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
৪৪ পেরিয়ে গেছেন ধোনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পারফর্ম করে যাচ্ছেন তিনি। সামনের আসরেও তাকে চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কেসি বিশ্বনাথান জানিয়েছেন, ২০২৬ সালের আইপিএলে খেলবেন ধোনি।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে চেন্নাইয়ের প্রধান নির্বাহী বলেছেন, “বর্তমান অবস্থান থেকে বলতে পারি, ধোনি খেলবে। সবকিছু দেখে আমাদের মনে হচ্ছে, সামনের আইপিএলে সে খেলবে।”
২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সঙ্গী ধোনি। নিষেধাজ্ঞার কারণে ২০১৬ ও ২০১৭ সালের আসরে ছিল না ফ্র্যাঞ্চাইজিটি। এই দুই আসর বাদে সবসময় হলুদ জার্সিতে আইপিএলে দেখা গেছে এই উইকেটকিপার ব্যাটারকে। তার নেতৃত্বেই আইপিএলের পাঁচটি শিরোপা জিতেছে চেন্নাই।
দলটির হয়ে খেলা ২৪৮ ম্যাচে ধোনির রান ৪ হাজার ৮৬৫। সব মিলিয়ে আইপিএলে খেলেছেন ২৭৮ ম্যাচ। ৫ হাজার ৪৩৯ রানের পাশাপাশি নিয়েছেন ১৫৮টি ক্যাচ।



