তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। শেষ ম্যাচেও দাপট দেখাল তারা। আজ শেষ ওয়ানডেতে ২ উইকেটে হারিয়েছে কিউইরা। ইংল্যান্ডের ২২২ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ড পেরিয়ে যায় ৮ উইকেট হারিয়ে ৪৪.৪ ওভারে।
এই জয়ে হ্যারি ব্রুকের দলকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ধবলধোলাই করার স্বাদ পেল তারা। এর আগে সর্বশেষ ১৯৮৩ সালে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল দলটি। তাই ফিরল ৪২ বছর আগের স্মৃতি।
এই সিরিজে ব্যাটাররা ভুগিয়েছে ইংল্যান্ডকে। কোনও ম্যাচেই ২৫০ করতে পারেনি তারা। আজ ওয়েলিংটনেও তারা অলআউট ২২২ রানে। টিকনার নিয়েছেন ৪ উইকেট। সফরকারীদের প্রথম সারির ৫ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১১ রান করেন জ্যাকব বেথেল।

৬২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন ওভারটন। ৩৮ রান আসে বাটলারের ব্যাট থেকে। ৩৬ রান করেন কার্স। জোফরা আর্চার এনে দেন ১৬ রান। জবাব দিতে নেমে ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়েন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০০ রানের কোটায় যাওয়ার আগেই ৮ উইকেটের দলে পরিণত হয় নিউজিল্যান্ড। শেষ দিকে টিকনার ২০ বলে ১৮ করে জয় এনে দেন স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪০.২ ওভারে ২২২ (ওভারটন ৬৮, কার্স ৩৬; টিকনার ৪/৬৪, ডাফি ৩/৫৬)।
নিউজিল্যান্ড: ৪৪.৪ ওভারে ২২৬/৮ ( রবীন্দ্র ৪৬, মিচেল ৪৪; ওভারটন ২/৩২, কারেন ২/৪৬)।
ফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: ব্লেয়ার টিকনার।
সিরিজ সেরা: ড্যারিল মিচেল।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩–০ তে জিতল নিউজিল্যান্ড।



