Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাংলাদেশি টেনিস কোচদের আপন করে নিয়েছে চীন

এশিয়ান গেমস ও অলিম্পিক নারী একক টেনিসের সোনা জয়ী ঝেংয়ের শৈশবের কোচ ছিলেন বাংলাদেশের আখতার হোসেন। ছবি : সংগৃহীত
এশিয়ান গেমস ও অলিম্পিক নারী একক টেনিসের সোনা জয়ী ঝেংয়ের শৈশবের কোচ ছিলেন বাংলাদেশের আখতার হোসেন। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

১৯৭৫ সালের ৪ অক্টোবর বাংলাদেশ ও চীন আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। বেইজিংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সেই সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে ১৯ অক্টোবর। ক্রীড়াঙ্গনে অনেক এগিয়ে থাকা চীনের ক্রিকেটে এই সময়ে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ। তেমনি ব্যক্তি উদ্যোগে চীনের টেনিস উন্নয়নে কাজ করছেন বাংলাদেশি কোচরা। এ নিয়ে সকাল সন্ধ্যার তিন পর্বের আয়োজন। আজ দ্বিতীয় পর্বে থাকছে টেনিস। লিখেছেন রাহেনুর ইসলাম

জ্ঞান অর্জনের জন্য চীনে যাওয়ার কথা প্রচলিত আছে। সেই চীনেও জ্ঞান বিতরণ করতে যান অনেকে। বিস্ময়কর হচ্ছে সেই তালিকায় আছেন বাংলাদেশের অন্তত ৩০ জন টেনিস কোচ।

টেনিসে এমন কোনো ঐতিহ্য নেই বাংলাদেশের। সেরা সাফল্য বলতে ১৯৮৯ সালে সিঙ্গাপুরে হওয়া ডেভিস কাপের সেমিফাইনালে পৌঁছানো। অথচ বাংলাদেশের কোচরাই কিনা চীনের টেনিস খেলোয়াড় গড়ার অন্যতম কারিগর। তাদের অনেকের বেতন মাসে পাঁচ লাখ টাকার বেশি। এই কোচদের অনেকে আবার বাংলাদেশ টেনিস ফেডারেশনে চাকরী করে গেছেন ৫ হাজার টাকা বেতনে! এ জন্যই বলে ‘গেঁয়ো যোগী ভিখ পায় না’।

শুরুটা যেভাবে

১৯৮০ সালে জাতীয় অনূর্ধ্ব-১৮ টেনিসের এককে শিরোপা জিতেছিলেন সুকুমার রায়। খেলা ছাড়ার পর লেভেল টু কোচিং কোর্স করেন তিনি। বাংলাদেশে তেমন বেতন না পাওয়ায় নৌবাহিনীতে কাজ করা এক বন্ধুর সহায়তায় চীনে পাড়ি জমান তিনি।

সুকুমারের সেই বন্ধু নুরুল ইসলাম ২০০৫ সালে ছিলেন বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে তৎকালীন নৌবাহিনীর কর্মকর্তা। চট্টগ্রাম ক্লাবে তিনি সুকুমারকে দেখেছিলেন এবং টেনিস কোচ হিসেবে তার চীনে কাজ করার আগ্রহ সম্পর্কে ধারণাও পেয়েছিলেন। তাঁর মাধ্যমেই বেইজিংয়ের পোটার্স হুইল একাডেমিতে কাজ করার প্রস্তাব পান সুকুমার। শুরুটা করেন বেইজিংয়ের পোটার্স হুইল একাডেমিতে। ভাষাগত সমস্যা, নতুন জায়গা আর নতুন চ্যালেঞ্জ উতরে এই টেনিস কোচ সুনামের সঙ্গে নিজেকে মেলে ধরেন চীনে।

এ পর্যন্ত চারটি একাডেমিতে কাজ করেছেন সুকুমার। বর্তমানে বেইজিং রাম্বো গার্ডেন একাডেমিতে কাজ করছেন তিনি। শুরুতে মাসে ৫০০ ডলার দিয়ে বেতন শুরু হলেও এখন পাচ্ছেন ১০ হাজার ডলার!

গত এশিয়ান গেমসের সময় সুকুমারসহ চীনে কাজ করা আরও অনেক কোচ এসেছিলেন হাংজুতে। এই প্রতিবেদককে হাংজুতে সুকুমার বলেছিলেন, ‘‘চীনা ভাষা শিখেছি, আন্তর্জাতিক কোচিং কোর্স করেছি। টিকে থাকতে যা দরকার সবই করেছি। এখন চীন জুড়ে বাংলাদেশের ৫০ জনের মতো কোচ আছে। আমি এখানে আসার পর নিয়ে এসেছিলাম পাঁচ জনকে। এভাবেই শুরু। তাঁরা আবার এনেছে কয়েক জনকে। এখন সবাই যোগ্যতা অনুযায়ী কোচিং করাচ্ছেন চীনে। কেউ কেউ নিজেই গড়েছেন টেনিস একাডেমি। চীন আমাদের বাংলাদেশি কোচদের আপন করে নিয়েছে। ভালো সম্মানি পাচ্ছেন সবাই। এজন্য চীনের টেনিস ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’’

চীনে বাংলাদেশি কোচদের পথচলার শুরুর আরেকটা ইতিহাস আছে। ২০০৫ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মুরাদ, আখতার হোসেন ও মিজান চীনে এসেছিলেন তিন মাসের বৃত্তি নিয়ে। খেলোয়াড়ী ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও তারা জড়িয়ে পড়েন কোচিংয়ে। আখতারের শুরুটাও সেই পোটার্স হুইল একাডেমিতে। তিন মাস ট্রায়ালের পর টিকে যান তিনি। বর্তমানে চাওইয়াং ডিস্ট্রিক্ট ক্লাবে আছেন।

চীনে কোচ হিসেবে স্থায়ী হওয়া নিয়ে সকালসন্ধ্যাকে ২০০০ ও ২০০১ সালে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আখতার হোসেন বললেন, ‘‘২০০৫ সালে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে চীনে আসি। তিন মাসের একটি প্রজেক্ট ছিল সে সময়। সেই প্রজেক্টের পর আমরা ধীরে ধীরে চীনে প্রতিষ্ঠিত হয়েছি। এখন অনেকেই আসছে বাংলাদেশ থেকে। বন্ধুপ্রতীম দেশ চীনের টেবিল টেনিস ফেডারেশন আর সরকার তাদের সাহায্য করছে। চীনের এই উদারতায় আমরা কৃতজ্ঞ।’’

চীন জুড়েই বাংলাদেশিরা

চীনের অনেক শহরের একাডেমিতেই কাজ করছেন বাংলাদেশি কোচরা। কেউ গড়ে তুলেছেন নিজস্ব একাডেমিই। তাদের অন্যতম সারাফাত আবেদিন। গুয়াংডং প্রদেশের শহর ডংগুয়ানে সিটি কাউন্সিলের অনুমোন নিয়ে ২০১২ সালে তিনি গড়ে তুলেছেন ‘গ্যালপ টেনিস একাডেমি’। সেখানে টেনিস শিখে ৪০০ শিশু-কিশোর। ২০১৮ সালে এই একাডেমির দুই খেলোয়াড় ডংগুয়ান অনূর্ধ্ব-১০ চ্যাম্পিয়নশিপ জেতায় নাম ছড়িয়ে পড়ে সারাফাত আবেদিনের।

বেইজিংয়ের একটি একাডেমিতে বাংলাদেশের দুই কোচ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে আটজন কোচ চীনে নিয়ে গেছেন সারাফাত আবেদিন। তাঁদের অন্যতম টেনিস ফেডারেশনের সাবেক সহকারী কোচ জামিল ভুঁইয়া। রাজশাহী থেকে গেছেন সাদির হোসেন ও মোস্তাফিজুর রহমান। নওগাঁ থেকে আরিফ বিন ইসলাম। এছাড়া সারাফাত আবেদিন নিয়ে গেছেন বিকেএসপির শিক্ষার্থী শেখ হাসিবুল হক, উ সুয়ে সুয়ে, শরীফ আবেদিন ও রাইসুল ইসলামকে।

তাঁদের পথ ধরে সাবেক টেনিস দম্পতি শাহনেওয়াজ আহমেদ ও ইসরাত রুমা চীনে পাড়ি জমান ২০১৭ সালে। শাহনেওয়াজের ব্যক্তিমালিকানায় এখন সাংহাইয়ে টেনিস একাডেমি আছে তিনটা। গুয়াংজুর একটি একাডেমিতে বাগেরহাটের মেয়ে আফরানা ইসলাম প্রীতি কোচ হিসেবে যোগ দেন ২০১৮ সালে।

সাফল্য আছে এশিয়ান গেমস আর অলিম্পিকেও

সর্বশেষ হাংজু এশিয়ান গেমসে নারী টেনিস এককে চ্যাম্পিয়ন হয়েছেন ঝেং কুইনওয়েন। এরপর তিনি সোনা জিতেন ২০২৪ প্যারিস অলিম্পিকের এককেও। স্বর্ণজয়ী ঝেংয়ের ‘গুরু’ বাংলাদেশি কোচ আখতার হোসেন। বেইজিংয়ে আখতারের কাছে ২০১৩-১৮ সাল পর্যন্ত টেনিস দীক্ষা নিয়েছিলেন তিনি। চীনের বাইরেও অনেক টুর্নামেন্টে তার কোচ ছিলেন আখতার হোসেন। 

বিখ্যাত জাস্টিন হেনিন একাডেমিতে কাজ করেছেন আখতার হোসেন। সেখানে কোচ কার্লোস রদ্রিগেজের কাছে খেলা শিখতেন চীনের তারকা লি না। তখন সেই একাডেমিতে বয়স ভিত্তিক পর্যায়ে কোচের দায়িত্বে ছিলেন বাংলাদেশি আখতার হোসেন।

হাংজুতে জাংয়ের সাফল্যে এই প্রতিবেদককে আখতার বলেছিলেন, ‘‘ঝেং আমার হাত ধরেই গড়ে উঠেছে। ১১ বছর থেকে তাকে প্রশিক্ষণ দিয়েছিলাম। যুক্তরাষ্ট্রের অরেঞ্জ বল এডি হার্ড টুর্নামেন্টে তিনবার নিয়ে গিয়েছিলাম তাকে ৷ বড় তারকার সঙ্গে কোচের নাম জুড়ে থাকাটাই বিশেষ কিছু। সেই ছোট্ট ঝেং এশিয়ান গেমসে সোনা জেতায় গর্বিত আমি। তার সাফল্যে আমাদের বাংলাদেশের সামান্য অবদান থাকাটা বিশেষ কিছু। আশা করছি ও অলিম্পিকেও সোনা জিতবে।’’

আখতারের আশাবাদ সত্যি প্রমাণ করে ২০২৪ প্যারিস অলিম্পিকে সোনা জেতেন ঝেং।

টেনিস-ফুটবলের মেলবন্ধন

বাংলাদেশি ফুটবলার আঁখি খাতুন। ছবি : সংগৃহীত

বিকেএসপির টেনিস খেলোয়াড় শরীফুল ইসলাম এখন চীনে টেনিস কোচ। সাংহাইয়ের একটা একাডেমিতে কোচিং করাচ্ছেন তিনি। শরীফুলের সঙ্গে মন দেওয়া-নেওয়ার পর তাঁকে বিয়ে করেছেন জাতীয় মহিলা দলের ফুটবলার সাবেক আঁখি খাতুন। চীনে সকার পার্ক ক্লাবে খেলেন এই ডিফেন্ডার। বাংলাদেশের ফুটবলারটিকে চীনের্ক্লেএকটি ক্লাব আপন করে নেওয়ায় খুশি আঁখি খাতুনও। টেনিসে পারদর্শী না হলেও স্বামীকে উৎসাহ জোগান তিনি।

সকালসন্ধ্যাকে আঁখি বললেন, ‘‘শরীফেুলের একাডেমি থেকে ঢাকা আইটিএফ অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় দুজন সাফল্য পেয়েছেন। প্রতিবছর কোনও না কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য আসছে। শরীফুলের মত বাংলাদেশী কোচরা কঠোর পরিশ্রম করেন এখানে। টেনিস কোচদের মত নারী ফুটবলারদের পেশাদারী গন্তব্যও চীন হয়ে উঠলে ভীষণ খুশি হব আমি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found