চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বাসস জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় তিনি হাসপাতাল থেকে গুলশানে তার বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের (খালেদা জিয়া) সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে।”
মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে তার নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
এর আগে গত ২৮ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছিল।



