Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

একই গ্রুপে মোহামেডান-বসুন্ধরা কিংস, আবাহনীর গ্রুপে কারা

ফেডারেশন কাপের একই গ্রুপে মোহামেডান ও বসুন্ধরা কিংস (ফাইল ছবি)
ফেডারেশন কাপের একই গ্রুপে মোহামেডান ও বসুন্ধরা কিংস (ফাইল ছবি)
[publishpress_authors_box]

সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ফুটবলে সবচেয়ে সফল দল বসুন্ধরা কিংস। একটা সময় প্রিমিয়ার লিগ নিজেদের দখলে রেখেছিল। তাদের উত্থানের বছরগুলোতে একটু একটু করে হারানো গৌরব পুনরুদ্ধারের পথ তৈরি করেছে মোহামেডান। সাফল্যও ধরা দিয়েছে গত বছর। জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপা। অন্যদিকে গত মৌসুমে ফেডারেশন কাপ জিতেছিল বসুন্ধরা কিংস। এবার এই টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে মোহামেডান ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বাফুফে ভবনে হয়েছে ফেডারেশন কাপের ড্র। ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা এই প্রতিযোগিতায় আলাদা দুটি পটে ছিল মোহামেডান ও বসুন্ধরা কিংস। ফলে তাদের একই গ্রুপ পড়ার সম্ভাবনা ছিল। ড্র ভাগ্যে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছে দেশের ফুটবলের অন্যতম সেরা দুই দল।

এবারের প্রিমিয়ার লিগ ফুটবলে খেলছে ১০ দল। গত মৌসুমের লিগের অবস্থান অনুযায়ী ১০ দলকে আলাদা দুটি পটে রাখা হয়েছিল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। রানার্স-আপ আবাহনী। ঐতিহ্যবাহী দল দুটি একই পটে থাকায় একই প্রুপে থাকার সুযোগ ছিল না।

‘বি’ গ্রুপে মোহামেডান ও বসুন্ধরা কিংসের সঙ্গে রয়েছে আরামবাগ, বাংলাদেশ পুলিশ এফসি ও ফর্টিস এফসি।

‘এ’ গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আবাহনী। ঐতিহব্যবাহী দলটি গ্রুপ পর্বে লড়বে রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে।

এবারের প্রিমিয়ার লিগ হচ্ছে পাঁচ ভেন্যুতে। তবে ফেডারেশন কাপের খেলা দুই ভেন্যুতে- বসুন্ধরা কিংস অ্যারেনা ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।

২৩ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের ম্যাচ দিয়ে ফেডারেশন কাপ শুরু হবে। যদিও উদ্বোধনী দিনে কোন দুই দল মুখোমুখি হবে, সেটা নিশ্চিত করতে পারেনি বাফুফে। কারণ ড্র অনুষ্ঠানে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। যদিও ফাইনাল রাখা হয়েছে আগামী বছর ১০ এপ্রিল।

ড্রয়ের পর লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান বলেছেন, “নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাফুফের কোনও কমিটির কর্মকর্তাই ম্যাচ চলাকালীন ডাগ আউটে থাকতে পারবে না। সেই সিদ্ধান্ত বলবৎ আছে। পূর্বের রীতি অনুযায়ী ফাইনাল ও কোয়ালিফায়ারের ভেন্যু পরবর্তীতে ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকের নাম আগামীকাল (রবিবার) ঘোষণা হতে পারে।”

গ্রুপ-এ : আবাহনী, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

গ্রুপ-বি : মোহামেডান, বসুন্ধরা কিংস, আরামবাগ, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিজ এফসি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found