ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। সেদিন হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের ভোট গ্রহণ করা হবে। তার আগে আগামী ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট।
ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ সময় ১৯ আগস্ট বিকাল ৩টা।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২০ আগস্ট। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১টায়।
নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। এরপর ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের পরপরই ভোট গণনা করে ডাকসু ও হল সংসদের ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন।
এবার প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা কার্জন হল কেন্দ্রে (পরীক্ষার হল) ভোট দেবেন।
জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিবেন।
ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
সিনেট ভবন কেন্দ্রে (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
এছাড়া সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
সর্বশেষ ২০১৯ – ২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন।
এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে । ২৮ বছর পর সেবার ওই নির্বাচনের মধ্যে দিয়ে সচল হয়েছিল ডাকসু।



