Beta
শনিবার, ৬ জুন, ২০২৬
Beta
শনিবার, ৬ জুন, ২০২৬

২০২৪-২৫ অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ১০.০৩%

মূল্যস্ফীতি
ঢাকার একটি কাঁচাবাজার
[publishpress_authors_box]

১০ দশমিক ০৩ শতাংশ গড় মূল্যস্ফীতি নিয়ে শেষ হয়েছে ২০২৪-২৫ অর্থ বছর। অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত গেল ২০২৪-২৫ অর্থ বছরের পুরো ১২ মাস ধরে সেই পণ্য বা সেবা পেতে দেশের মানুষকে গড়ে ১০ দশমিক ০৩ শতাংশ টাকা বেশি খরচ করতে হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে, ২০২১-২২ অর্থ বছরকে ভিত্তি সূচক ধরে এই হিসাব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেল অর্থ বছরের গড় মূল্যস্ফীতির এই হার আগের ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় কিছুটা বেশি। ওই অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ।

তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের আশা অনুযায়ী গত মাস জুনে দেশের সাধারণ মূল্যস্ফীতি ৮ শতাংশের কাছাকাছিতে নেমেছে। জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ৪৮ শতাংশে।

মুল্যস্ফীতির এই হার ৩৫ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২২ সালের জুলাই মাসে এর চেয়ে কম ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। এরপর আর কোনও মাসে এর চেয়ে কম মূল্যস্ফীতি হয়নি।

মে মাসে দেশের সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। সে হিসাবে এক মাসেই সাধারণ মূল্যস্ফীতি প্রায় ০.৫৭ শতাংশীয় পয়েন্ট কমেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশের মধ্যে আটকে রাখার লক্ষ্য নেওয়া হয়।

গত ২ জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছিলেন। নতুন অর্থ বছরে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৩৭ শতাংশ।

গ্রাম ও শহরে কমেছে মূল্যস্ফীতি

বিবিএসের হিসাব অনুযায়ী অর্থ বছরের শেষ মাস জুনে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ। মে মাসে এই হার ছিল ৯ দশমিক ০৫ শতাংশ।

জুন মাসে গ্রামীণ এলাকায় খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৩০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ৭৫ শতাংশ।

একই সময়ে শহরাঞ্চলেও কমেছে মূল্যস্ফীতি। জুন মাসে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমকি ৯৪ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ৫০ শতাংশ।

জুন মাসে শহরাঞ্চলে খাদ্য উপখাতের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৯৯ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত উপখাতের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৩ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ২৯ শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত