Beta
সোমবার, ১৫ জুন, ২০২৬
Beta
সোমবার, ১৫ জুন, ২০২৬

ভাগাড়সহ কোনও স্থানেই ময়লা পোড়ানো যাবে না : রিজওয়ানা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন । ছবি : পিআইডি
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন । ছবি : পিআইডি
[publishpress_authors_box]

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলসহ কোনও স্থানেই ময়লা পোড়ানো যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) ও আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল এলাকা, যাত্রাবাড়ীর সামাদনগর, নরসিংদী রোড, চিটাগং রোড, কাচপুর, যাত্রাবাড়ী, শরীফপাড়াসহ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বায়ুদূষণ প্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এই ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে অচিরেই পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় জানিয়ে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পার্শ্ববর্তী দুটি স্টিলমিল বন্ধে নির্দেশ দেওয়া হবে।

তিনি বলেন, ঢাকা শহরের বায়ুদূষণ একটি স্বাস্থ্যঝুঁকির রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নিয়ম ভাঙলে জরিমানার কার্যকর প্রয়োগ করা হবে।

দীর্ঘদিন ধরে মারাত্মক বায়ুদূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে আসছেন স্থানীয়রা। তারা শনিবার উপদেষ্টাকে দূষণের কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা জানান। স্বাস্থ্য সুরক্ষায় সেখানে ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবিও জানান তারা।

উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তাদের।

রিজওয়ানা হাসান বলেন, ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করা যাবে না। পরিবেশ অধিদপ্তর ব্যাটারি কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযোগ পাওয়া গেলে আবার ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ উপদেষ্টার সঙ্গে পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব (পরিবেশ) রুবিনা ফেরদৌসী, বন অধিদপ্তরের বন সংরক্ষক আরএসএম মুনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত