Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
চিকিৎসকদের প্রতি উপদেষ্টা

ব্যবস্থা নেব, কাজে ফিরুন

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। ছবি : মন্ত্রণালয়
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। ছবি : মন্ত্রণালয়
[publishpress_authors_box]

কর্মবিরতি তুলে নিতে দেশের চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। চিকিৎসকদের সঙ্গে যারা অসৌজন্যমূলক আচরণ করেছে, মারপিট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

তিনি বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। যারা চিকিৎসকদের সঙ্গে এ আচরণ করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।”

এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও ভাংচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে প্রথমে কর্মবিরতি শুরু করেন হাসপাতালটির চিকিৎসকরা। এরপর সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়।  

এই কর্মসূচি তুলে নিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান নুরজাহান বেগম।

তিনি বলেন, “যারা শাটডাউন দিয়েছে আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি, তারা যেন রোগীদের কথা চিন্তা করে শাটডাউন তুলে নেন।”

ডাক্তারদের ওপর হাত তুলে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি, এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, “রোগী ভর্তি নিয়ে পরপর তিনটি ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনটি ঘটনাই দুঃখজনক। কথায় কথায় ডাক্তারদের ওপর হাত তোলা কখনোই গ্রহণযোগ্য নয়। যারা ডাক্তারদের সঙ্গে এমন আচরণ করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব আকমল হোসেন আজাদ বলেন, কমিটিগুলোকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সুপারিশ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবারের ঘটনা ও কর্মবিরতি প্রসঙ্গে একাধিক চিকিৎসক সকাল সন্ধ্যাকে বলেছেন, হামলার পর ইন্টার্ন চিকিৎসকরা প্রথমে কর্মবিরতির ডাক দেয়। এরপর অন্য চিকিৎসকরাও এতে যোগ দিয়েছে। যার ফলে হাসপাতালের জরুরি বিভাগ, ইনডোর, আউটডোরসহ সব জায়গায় চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে রোগীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, নিউরোসার্জারির রেসিডেন্ট চিকিৎসককে সন্ত্রাসী কায়দায় মারধর, রামদা, চাপাতি নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে আক্রমণ, জরুরি বিভাগ ভাংচুরের প্রতিবাদে এই কর্মবিরতি।

চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত