২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে দুইজন শিশু, একজন কিশোর ও একজন নারী।
নতুন চারজনকে নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালো ১১৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এইডিশ মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তার আগেরদিন বৃহস্পতিবার পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
প্রাণ হারানো চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে চার আর সাত বছরের দুই কন্যাশিশু চিকিৎসাধীন ছিল পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে। ২৬ বছরের এক নারী মুগদা জেনারেল হাসপাতালে আর ১৫ বছরের কিশোর চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
তাদেরকে নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩১ জনের।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। আগস্টের প্রথম ১৭ দিনে ২২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যায়। মার্চ মাসে কোনও রোগীর মৃত্যু হয়নি।
অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৭ জন। তাদের নিয়ে চলতি বছরে সরকারি হিসেবে হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০২ জনে।
২৪৭ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে; ৬৮ জন। বাকিদের মধ্যে বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৩২ জন আর ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে তিনজন।
অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সাত হাজার ২২২ জন। জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।
এছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়।
২০০০ সালে দেশে ডেঙ্গুর তথ্য রাখতে শুরু করে সরকার। সে বছরে রোগী ছিল ৫ হাজার ৫৫১ জন। এই রোগে ২০২৩ সালে সর্বোচ্চ রোগীর সঙ্গে সর্বোচ্চ মৃত্যুও দেখে বাংলাদেশ।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন; তার মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।
