বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও ধরনের বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পাতায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে যে, তার দেশে ফেরা এখন আর একক সিদ্ধান্তের বিষয় নয়।
এই প্রসঙ্গ তুলে ধরে এ বিষয়ে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন এবং জানান, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সরকারের কোনও বিধিনিষেধ বা আপত্তি নেই।
প্রেস সচিব আরও জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্র : বাসস



