বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
বাসস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দেন। আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন শায়রুল কবির খান।



