Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে। ছবি : পিআইডি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

মানিকগঞ্জসহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

প্রথম আলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্দিষ্ট আলোচ্য সূচির বাইরে বিবিধ আলোচনায় সমসাময়িক বিষয়, বিশেষ করে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সেটি এবং আসন্ন নির্বাচন ও উপদেষ্টাদের মধ্যে যারা নির্বাচন করতে চান, তারা চলে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন কি না বা এ ধরনের কোনও আলোচনা হয়েছে কি না।

জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচন বা বাউল বিষয়ে কোনও আলাপ হয়নি। তবে তিনি যেটা জানেন, সেটা হচ্ছে যারা বাউলদের ওপর হামলা করেছেন, তাদের খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য যে জায়গায় হামলা হয়েছে, সেসব জায়গায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সাংবাদিকেরা দ্রুত ফলাফল জানতে পারবেন।

পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আটক করে পুলিশ। তার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধনের জন্য সমবেত হওয়া বাউলদের ওপর হামলা করে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানারে থাকা একদল ব্যক্তি।

আবুল সরকারের গ্রেপ্তার ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে বুধবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় বাউলদের ওপর আবারও ‘তৌহিদি জনতা’র ব্যানারে হামলা চালানো হয়েছে।

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং আবুল সরকারকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত