দেরিতে হলেও দল পেয়ে শুরু থেকেই অ্যাক্টিভ নোয়াখালী এক্সপ্রেস। নতুন দল হিসেবে আত্মপ্রকাশের দিনে নিজেদের লোগো প্রকাশ করেছে দলটি। পাশাপাশি সরাসরি চুক্তিতে দুই বাংলাদেশী ক্রিকেটারকেও ঠিক করে ফেলেছে।
নির্ধারিত দুইজন স্থানীয় ক্রিকেটার পেসার হাসান মাহমুদ ও সৌম্য সরকার। দুজনই ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। হাসানের গ্রামের বাড়ী নোয়াখালীর লক্ষীপুরে। এছাড়া বিদেশী ক্রিকেটার হিসেবে দলে প্রথম চুক্তি করেছেন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। উইন্ডিজের জনসন চার্লস ও নিউজিল্যান্ডের জিমি নিশামকেও নেওয়ার চেষ্টায় আছে দলটি।
অন্য দলগুলোর মধ্যে কোন ক্রিকেটারের সঙ্গে এখনও সরাসরি চুক্তি করেনি রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট টাইটানস ‘এ’ ক্যাটাগরি থেকে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে। ঢাকা ক্যাপিটালস ‘এ’ ক্যাটাগরি থেকে মোহাম্মদ সাইফ হাসান ও তাসকিন আহমেদকে নিয়েছে। রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমানকে নিয়েছে। চট্টগ্রাম রয়্যালস ‘এ’ ক্যাটাগরি থেকে শেখ মেহেদি হাসান ও তানভীর ইসলামকে নিয়েছে।
আগামী ৩০ তারিখ বিপিএল নিলাম হবে। লোকাল ক্রিকেটার এক দলে সর্বোচ্চ ১২ জন নিতে হবে। সরাসরি চুক্তিতে ২ জন, মোট ১৪ জন লোকাল ক্রিকেটার থাকবেন এক দলে। নিলামে ‘এ’ ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৫০ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে সর্বনিম্ন ১১ লাখ টাকায় ক্রিকেটারদের নিতে পারবে দলগুলো।
এদিকে বিপিএলে এই প্রথমবার বিদেশী ক্রিকেটারদের তালিকায কাঁটছাট করেছে বিসিবি। ৫০০ আবেদন থেকে ২৫০ জনে। এর মধ্যে চমকপ্রদ নাম ভারতীয় ক্রিকেটার পীযূষ চাওলা। এই প্রথমে কোন ভারতীয় নাম দিয়েছেন এমন নয়। এক আসর আগে উন্মুক্ত চাঁদ খেলেও গেছেন বিপিএলে। তবে তিনি ঠিক ভারতীয় হয়ে আবেদন করেননি, এবার যিনি আবেদন করেছেন তিনি পুরোপুরি ভারতীয়।
সাকিব আল হাসানের এক সময়ের সতীর্থ পীযূষ চাওলা বিপিএল খেলতে নাম দিয়েছেন বিদেশি ক্রিকেটারদের নিলামের লিস্টে। ২০১৪ সালে সাকিবের সঙ্গেই ফাইনালে খেলেছেন চাওলা। একসঙ্গে জিতেছেন শিরোপাও।
এবার সেই সুযোগটা সাকিবের দেশের লিগে আসতে পারতো। অবশ্য সাকিব না খেলায় সেরকম কিছু আর হচ্ছে না। যদি দল পান প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলে খেলার ইতিহাস হবে চাওলার।
চাওলা বিদেশীদের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন। ‘ই’ ক্যাটাগরি পর্যন্ত ক্রিকেটারদের তালিকায় বেশিরভাগই পাকিস্তান, শ্রীলঙ্কার ক্রিকেটার। এছাড়া উইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ক্রিকেটাররাও আছেন। বড় দলগুলোর মধ্যে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আছেন তবে তারা বেশিরভাগেই অবসর নেওয়া।



