Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ভারতের বিপক্ষে হলুদ কার্ড-গালাগালি হবে : জামাল

সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারতীয় দলের কোচ ও অধিনায়ক। ছবি : বাফুফে
সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারতীয় দলের কোচ ও অধিনায়ক। ছবি : বাফুফে
[publishpress_authors_box]

এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ও ভারত। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটা শুধুই নিয়মরক্ষার। তারপরও প্রতিপক্ষ ভারত মানেই অন্যরকম রোমাঞ্চ আর উন্মাদনা থাকে ম্যাচে। আজ সংবাদ সম্মেলনে এটা মেনেও নিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে জামাল বললেন, ‘‘ অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে কালকের ম্যাচে। আমি এটা স্বাভাবিক ম্যাচ হিসেবে ধরব। ম্যাচের তাৎপর্য আমি জানি। এটা অনেক আবেগের ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ।’’

জামাল আরও যোগ করলেন,‘‘ এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা গ্যাপ আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে। আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।’’

ভারতকে টানা ২২ বছর হারাতে পারেনি বাংলাদেশ। গত মার্চেও শেষ দেখায় গোলশূন্য ড্র করেছিল দুই দল। তবে এবার ঘরের মাঠে আশাবাদী জামাল, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে। ডিফেন্সে অবশ্যই আমাদের সমস্যা আছে। তবে ভারত যদি অনেক উপরে উঠে খেলে, তাহলে আমরা সামনে অনেক স্পেস পাব। আক্রমণে যারা খেলবে ওরা অনেক গতিময় খেলোয়াড়। রাকিব সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়। তাকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারি, তাহলে ভারতের যে–ই থাকুক না কেন, যেকোনো রক্ষণ তছনছ করতে পারে ও।’’

হামজার সঙ্গে মাঠের বাইরেও দারুণ সম্পর্ক জামালের। সংবাদ সম্মেলনে সেটা জানালেন এভাবে, ‘‘হামজা বিদেশ থেকে এসেছে আমার মতো। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। হামজার যখনই কোনো সমস্যা হয় আমাকে টেক্সট করে বা কল করে। ফুটবল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমি হামজাকে জিগাই (জিজ্ঞেস করি)। সো এই আন্ডারস্ট্যান্ডিং মাঠের বাইরে শুরু হইছে।’’

বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোলটা জামালের কর্নার থেকে। সর্বশেষ গোল গত ম্যাচে নেপালের বিপক্ষে। সেটাও জামালের বাড়ানো বলে বাইসাইকেল কিক থেকে। এ নিয়ে জামাল বললেন ‘‘এটা বেশ খুশির হামজার চার গোলের মধ্যে আমার দুটি অ্যাসিস্ট। বাইসাইকেল কিকের গোলটি অত্যন্ত অসাধারণ।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found