হকিতে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে-অফ সিরিজের তিন ম্যাচে সেটা আরও একবার বোঝাল পাকিস্তান। প্রথম ম্যাচে ৮-২ ও দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে হারের পর বাংলাদেশ আজ সিরিজ শেষ করল ১০-৩ ব্যবধানের হারে।
তিন ম্যাচে বাংলাদেশের জালে ২৬বার বল পাঠিয়েছে পাকিস্তান। আর বাংলাদেশ গোল করতে পেরেছে কেবল ৫টি। পুস্কর খিসা মিমো, রাসেল মাহমুদ জিমির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দেওয়ার পর তরুণরা পেরে উঠেনি পাকিস্তানের সঙ্গে।
পাকিস্তানের বিপক্ষে খেলেছেন অনূর্ধ্ব-২১ দলের সাত জন খেলোয়াড়। তারা আগামী পরশু দিন ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি টুর্নামেন্ট খেলতে রওনা হবেন।
আজ প্লে-অফ সিরিজের শেষ ম্যাচে মওলানা ভাসানী স্টেডিয়ামে পাকিস্তানের বড় জয়ের নায়ক সুফিয়ান। তিনি একাই করেছেন ৬ গোল। পাকিস্তান ১৫টি পেনাল্টি কর্নার থেকে ৯টি গোল করেছে। সুফিয়ান ৬টি, আব্দুর রহমান দুটি এবং নাদিম আহমেদ করেন এক গোল। একমাত্র ফিল্ড গোলটি করেন রানা ওয়ালিদ।
বাংলাদেশের তিন গোলের মাঝে দুটিই ছিল ফিল্ড গোল এবং একটি পেনাল্টি কর্নার থেকে। সিরিজে আটটি পেনাল্টি কর্নার থেকে মাত্র একটি গোল করেছেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট বাংলাদেশের আশরাফুল ইসলাম।
আজ অষ্টম মিনিটে গোল উদযাপন শুরু করেন সুফিয়ান। এরপর ১০ ও ১৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই নাম্বার ফাইভ। ২৯, ৩৪ ও ৫৪ মিনিটে আরও তিন গোল করেন তিনি।



