ডাবল সেঞ্চুরির হাতছানি ছিল মাহমুদুল হাসান জয়ের। আর সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন মুমিনুল হক। আক্ষেপ নিয়ে ফিরেছেন দুজন। তারপরও আয়ারল্যান্ডের বিপক্ষে রান পাহাড় গড়ছে বাংলাদেশ। তৃতীয় দিন ৪ উইকেটে ৪৪৭ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের লিড ১৬১ রানের।
তৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই মাহমুদুল হাসান জয়কে ফেরান অ্যান্ডি ম্যাকব্রাইন। উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দিয়ে বিদায় নেন জয়। তার অফ স্টাম্পের বাইরে তাক করা শর্ট লেংথের লাফিয়ে ওঠা ডেলিভারিটি ব্যাটের কানায় লাগে জয়ের। পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন তিনি। পেছনে ক্যাচ লুফে নিতে ভুল করেননি টাকার।

২৮৬ বলে ১৭১ রানের ইনিংস খেলেন জয়। ইনিংসটি ১৪টি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল। তার বিদায়ে মুমিনুলের সঙ্গে ভাঙে ১৭৩ রানের জুটি। ম্যাকব্রাইনের পরের ওভারের প্রথম বলে অ্যান্ডি বালবির্নিকে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল। ম্যাকব্রাইনের আরেকটি লাফিয়ে ওঠা ডেলিভারিতে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান ১৩২ বলে ৮২ করা মুমিনুল।
তারপরও সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ রান তুলেছে ১১১ আর উইকেট হারিয়েছে ৩টি। মাহমুদুল হাসান, মুমিনুল হকের পর আউট হয়েছেন মুশফিকুর রহিম।
৫৩ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৯ রানের জুটি গড়েন তিনি। ম্যাথু হামপ্রেইসের বলে ফিরে যান মুশফিক। তার টার্ন করা ডেলিভারি ভুল লাইনে ডিফেন্স করেছিলেন মুশফিক। গালি অঞ্চলের কাছাকাছি ক্যাচ উঠে গেলে তা লুফে নেন অ্যান্ডি বালবির্নি। ৫২ বলে তিনটি চারে ২৩ রান করেন এই ব্যাটার।
মুশফিক ফেরার পর লিটন দাস অপরাজিত আছেন ১৯ রানে। লাঞ্চের আগে শান্ত করেছেন ৬৯ বলে ১০ বাউন্ডারিতে ৬১।



