টেস্টের রজতজয়ন্তীতে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠান মুগ্ধ করলেও শেষটা হয়েছে অব্যস্থাপনায়। আমন্ত্রণ পেয়েও অনেক সাংবাদিককে যেতে দেওয়া হয়নি অনুষ্ঠানে।
ক্রিকেট কনফারেন্সের সমাপণী, টেস্ট অভিষেকের রজতজয়ন্তী দুই উপলক্ষ্য একসঙ্গে মিলে যাওয়ায় সাংবাদিকদের সঙ্গে কেক কাটার সুযোগ তৈরি হয়েছিল বুলবুলের। সেটা আর হয়ে উঠেনি। বেশিরভাগ সাংবাদিক অনুষ্ঠানে ঢুকতে না পেরে বয়কট করেছিলেন এই সংবাদ সম্মেলন।
এমন অব্যবস্থাপনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বুলবুল। আজ বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘গত ১০ নভেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। স্বয়ং আমি দাওয়াত দিয়েছিলাম আপনাদের। কিন্তু বাইরে এসে দেখেছিলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি। আপনাদের দাওয়াত দেওয়ার পরও সেটা রক্ষা করার দায়িত্ব ছিল আমার বা ক্রিকেট বোর্ডের। আপনাদের কাছে তাই ক্ষমাপ্রার্থী।’’
বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘‘আপনাদের কথা দিচ্ছি, আমাদের কোন বিভাগের কারণে কেন এই ব্যর্থতাটা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার হচ্ছেন আপনারা। ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’’



