Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সালাউদ্দিন সব ক্রিকেটারকে সমানভাবে দেখেন : শান্ত

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি : বিসিবি
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর টেস্ট নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। টেস্টের অধিনায়ক হওয়ার ইচ্ছে জানিয়ে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তবে বিসিবি আবারও বুঝিয়ে টেস্টের নেতৃত্ব নিতে রাজি করিয়েছে নাজমুল হোসেন শান্তকেই।

মাঝখানে শান্ত অধিনায়ক ছিলেন না ১২৬ দিন। আগামীকাল (মঙ্গলবার) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে শান্ত ফিরছেন অধিনায়ক হিসেবে। মাঝখানের সময়টা নিয়ে আজ (সোমবার) সিলেটে সংবাদ সম্মেলনে বললেন, ‘‘কত দিন যেন মাঝে অধিনায়ক ছিলাম না, ওই সময়টা রিল্যাক্স করেছি, উপভোগ করেছি। ভালো সময় কেটেছে।’’

বিসিবির এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘বোর্ড যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। আমি শান্ত ব্যক্তির চেয়ে বাংলাদেশ দল অনেক বড়—একটা সময় এই চিন্তাও হয়েছে। আমার চিন্তার চেয়ে বড় চিন্তা, বাংলাদেশ দলের কী প্রয়োজন। বোর্ডের এত কর্মকর্তা বা সাবেক ক্রিকেটাররা এখন বোর্ডে আছেন। তারা দল ও আমার ভালোর জন্য পরামর্শ দিচ্ছেন। সেই আলাপচারিতাকে শ্রদ্ধা জানিয়েছি। শান্তর চেয়ে দল আগে রাখা উচিত। আমি তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।’’

বাংলাদেশের তিন সংস্করণে এখন তিন অধিনায়ক। এক সময় তিন সংস্করণে তিন অধিনায়কের পক্ষে ছিলেন না শান্ত। এ নিয়ে আজ বললেন, ‘‘এটা মনে হওয়ার (তিন সংস্করণে তিন অধিনায়ক না রাখা) যথেষ্ট কারণও ছিল। কিন্তু কী কী সমস্যা হতে পারে, সমস্যা যেন না হয় কিংবা এর সমাধান কী হতে পারে, তা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এসব ব্যাপারে আমি খুবই স্পষ্টবাদী। আশা করি কোনো সমস্যা হবে না। বাকি দুই অধিনায়কের সঙ্গে বোঝাপড়া খুবই ভালো।’’

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটিং পরামর্শক হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পরপরই বাংলাদেশ দল ছাড়ার ঘোষণা দেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই সরে দাঁড়াবেন তিনি।

সালাউদ্দিনের কাজে অবশ্য সন্তুষ্ট থাকার কথাই জানালেন শান্ত,‘‘ সালাউদ্দিন স্যারের সঙ্গে যতদিন কাজ করেছি উপভোগ করেছি। স্যার প্রত্যেক ক্রিকেটারকে সমানভাবে দেখার চেষ্টা করেন, সবাইকে প্রাধান্য দেন, যার যার ঘাটতি অনুযায়ী কাজ করেন।’’

শান্ত আরও যোগ করেন, ‘‘এই জায়গায় একটা গ্যাপ থেকে যায়। বাইরে থেকে অনেক কিছু মনে হয় আমরা যা শুনছি, সব কিছুর সত্যতা নেই। তার সঙ্গে কাজ করে আমরা সব ক্রিকেটার খুশি ছিলাম, সাম্প্রতিক যত সিরিজে আমি ছিলাম। উপভোগ করেছি। এবং উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন।’’

মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কাজ করা নিয়ে রোমাঞ্চিত থাকার কথাও বললেন শান্ত, ‘‘খুব রোমাঞ্চিত আমরা সবাই। ওনার যে অভিজ্ঞতা—এত বছর ক্রিকেট খেলেছেন, এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে ওনাকে খেলতে দেখেছি, কিন্তু ড্রেসিংরুমে একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আমি যতটুকু জানি, উনি এই সিরিজের জন্য এসেছেন। সময় কম, তাই টেকনিক্যাল দিক থেকে কাজের সুযোগ হয়তো সীমিত। কিন্তু উনি যতটা পারেন অভিজ্ঞতা শেয়ার করছেন।’’

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখনও জিততে পারেনি আয়ারল্যান্ড দল। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নামতে যাচ্ছে তারা। সিলেট টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেটে জয়ের স্বাদ নিতে চায় আইরিশরা।

আজ  সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি বললেন, ‘‘বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে। কোয়ালিটি প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট খেলছে। আমরা খেলি আফগানিস্তান, জিম্বাবুয়ের বিপক্ষে। তাই এই কোয়ালিটি দলের বিপক্ষে খেলা বেশ গুরুত্বপূর্ণ। আমরা এখনো টেস্ট জিতিনি এমন দলের বিপক্ষে। এবার জিতে ইতিহাস গড়তে চাই। আগে যে ফলাফল পাওয়া হয়নি এবার তা পেতে চাই।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found