ঠিক সময়েই জ্বলে উঠলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। সিরিজ বাঁচানোর শেষ ম্যাচে খেললেন অধিনায়কোচিত ইনিংস। তামিমের সেঞ্চুরিতে ভর করে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে ২ উইকেটে হারাল বাংলাদেশ। অথচ প্রথম ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ১৭ রান।
এই জয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানের দেয়া ২০৯ রানের লক্ষ্য ২৫ বল হাতে রেখিয়ে পেরিয়ে গেছে বাংলাদেশের যুবারা।
জয় দিয়েই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর টানা দুই ম্যাচ হেরে যায় দলটি। তাই সিরিজ হার এড়াতে চাইলে শেষ ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে। সেটাই করে দেখাল তারা। এই জয়ে ২–২ সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ।

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে স্টেডিয়ামে ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রানে থামে আফগানিস্তান। সর্বোচ্চ ৬৮ রান করেন উসমান সাদাত। মাহবুব খানের অবদান ৪০ রান। এছাড়া নিয়াজাই ৩২ ও আজিজুল্লাহ মিয়াখিল এনে দেন ১৯ রান। বাংলাদেশের হয়ে ৩৩ রান খরচায় ২ ব্যাটারকে ফেরান সামিউন।
জবাবে ২৫ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে ১১৮ বলে ৩ ছক্কা ও ৭ চারে তামিম খেলেন ১০০ রানের ইনিংস। যুব ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি করলেন তিনি।



