হংকং সিক্সেসে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠল না আকবর আলীর বাংলাদেশ। হংকংয়ের মংকক মিশন রোডে আজ ৫৪ রানে হারায় খেলা হল না সেমিফাইনালও।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর। ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট ১৪৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৯৫ রানে থামে বাংলাদেশ।
৮ ছক্কায় ১৪ বলে ৫১ রান করে বাধ্যতামূলক অবসরে যান বেন মেকডারমট। ৫ ছক্কায় ৬ বলে ৩০ রান করে আউট হন উইলিয়াম বসিস্টো। অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ২ চার ও ৭ ছক্কায় ১১ বলে ৫০ রান। ৩৬ বলের ম্যাচে ২১ ছক্কা হজম করেছেন বাংলাদেশি বোলাররা। তাতে এবারের আসরের সর্বোচ্চ রানের রেকর্ডটাও গড়েছে অস্ট্রেলিয়া।
মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান নিয়েছেন একটি করে উইকেট। জবাবে প্রথম ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৩ রান করে বাংলাদেশ। অধিনায়ক আকবর শূন্য রানে আউট হয়েছেন। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের ব্যাট থেকে এসেছে ৬ রান।

আবু হায়দার রনির ১৮ বলে ৫০ রানের ইনিংস হারের ব্যবধানটা কমিয়েছে শুধু। ৭ ছক্কা ও ২ চার মেরেছেন তিনি। ৬ ওভারে ৫ উইকেটে ৯৫ রানে আটকে যায় আকবরের দল। অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন নিয়েছেন ৩ উইকেট।
শ্রীলঙ্কাকে হারিয়ে হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে ৯ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। তবে শেষ আটে অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেল বাংলাদেশ। তাতে বাংলাদেশ নেমে গেল প্লেট পর্বে। আগামীকাল রোববার প্লেট সেমি-ফাইনালে খেলবে তারা।
বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেও ভারত ছিটকে গেছে গ্রুপ পর্বে। আজ সকালে ‘সি’ গ্রুপের ম্যাচে কুয়েতের কাছে ২৭ রানে হেরেছে দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারত। বোল পর্বে এরপর কার্তিকের দল ৪ উইকেটে হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে।



