Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গণভোট নিয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে : শফিকুল আলম

শুক্রবার দুপুরে নোবিপ্রবিতে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস
শুক্রবার দুপুরে নোবিপ্রবিতে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস
[publishpress_authors_box]

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোনও শক্তি এটিকে পেছাতে পারবে না।

বাসস জানিয়েছে, শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ জানিয়েছে, মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়। সেখানে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে এক দিনে অথবা আগে যে কোনও সময় করার সুপারিশ করা হয়েছে।

এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবল মতবিরোধ তৈরি হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের দিনে এক সঙ্গে গণভোট আয়োজনের পক্ষে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি দল নভেম্বরের মধ্যে গণভোট করার দাবি জানিয়ে আসছে।

জামায়াতসহ আট দল বৃহস্পতিবার নির্বাচনের কমিশনের সামনে বিক্ষোভ করেছে। তার আগে গণভোট করার দাবিসহ পাঁচ দফা দাবিতে দুই দফা বিক্ষোভ, গণমিছল, গণসংযোগ কর্মসূচি পালন করেছে।

বাসস জানিয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার নোয়াখালীতে সাংবাদিকদের আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।”

চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।

তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ এর আয়োজন করা হয়।

নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত