বিসিবির সবচেয়ে বড় টুর্নামেন্টে বিপিএল, অথচ এই টুর্নামেন্টটাই বোর্ডের জন্য সবচেয়ে সমালোচনার কারণ। সেই সব সমালোচনা একেবারে ঝেড়ে ফেলতে এবার ভুল পতে পা বাড়াতে চায় না বিসিবি। নিতে চায় না কোন একক বা দ্রুত সিদ্ধান্ত। বরং সামগ্রীক ভাবে বোর্ড থেকে আলোচনার মাধ্যমে বড় সিদ্ধান্তে ভুল এড়ানোর লক্ষ্য।
বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হওয়ার আগ্রহ দেখিয়েছে পাঁচটি প্রতিষ্ঠান। তাদের কেউ কেউ বিপিএল আয়োজনে আর্থিক মডেলের প্রস্তাবনা দিয়েছে নিজেদের মতো করে। মঙ্গলবার বাকিরাও তাদের প্রস্তাবনা জমা দেবে।
এখানে কেউ প্যাকেজ হিসেবে বিসিবি থেকে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব চাইছে। আবার কোন প্রতিষ্ঠান নিট ফি জমা দিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এখান থেকে কোন ফিনান্সিয়াল মডেল বিসিবির জন্য ভালো হবে সে সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ।
এ ব্যাপারে বিসিবির একজন সূত্র সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “সব প্রস্তাবনা এখনও আসেনি। আজকের (মঙ্গলবার) মধ্যে হয়তো বাকিগুলো এসে যাবে। এরপর যাচাই-বাছাইয়ের মাধ্যমে পুরো বোর্ডের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসবে। এটা অনেক বড় সিদ্ধান্ত। কোন ভুল করা চলবে না।”
বিসিবি নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে বিপিএলের মার্কেটিং, ব্র্যান্ডিং ও কার্যক্রম পরিচালনা করার জন্য কনসালট্যান্ট প্রতিষ্ঠান চেয়েছে। এতে আগ্রহ দেখায় পাকিস্তানি প্রতিষ্ঠান–অ্যাপেক্স স্পোর্টস কনসালট্যাটিং, ইংল্যান্ডের প্রতিষ্ঠান আইএমজি, ভারতের প্রতিষ্ঠান রিয়াল ইমপ্যাক্ট ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা এবং বাংলাদেশি কোম্পানি আইপিজি গ্রুপ অ্যান্ড মাইন্ড ট্রি লিমিটেড আর ট্র্যান্সপোর্ট গ্রুপ।
বিপিএলের সুনাম পুনরূদ্ধারের জন্য প্যাকেজ বিক্রী না নিট ফি জমা, কোন মডেল উপযুক্ত তা জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুল আনাম সকাল সন্ধ্যাকে বলেছেন, “আমরা খুব স্বচ্ছ্ব ভাবে কাজ করতে চাই। ইতিমধ্যে সবাই দেখেছে যে পাঁচটা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে তা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। বোর্ড থেকে এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা বিস্তারিত জানানো হবে।”
এর আগে বিসিবি নিজ উদ্যোগে বিপিএল আয়োজন করতো। এই প্রথমবার ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের মাধ্যমে টুর্নামেন্টটি আয়োজন করতে চাইছে বিসিবি। সে উদ্যোগের সূত্র ধরেই এই টুর্নামেন্ট আয়োজনের জন্য কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি।
আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় বিসিবি সভায় বিপিএলে আগ্রহী প্রতিষ্ঠানদের কোন মডেলে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।



