কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি; শাহবাগে ছাত্রদল। এই দুই সমাবেশের কারণে ওই এলাকায় যান চলাচল থাকবে বন্ধ; তাই রাজধানীবাসীকে বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
জুলাই অভ্যুত্থানের বছর পূর্তির দিনে গত বছর যে দিনটিতে আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবি তোলা হয়েছিল, সেই দিনটি স্মরণে ৩ জুলাই, রবিবার সমাবেশ ডেকেছে এনসিপি ও ছাত্রদল।
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী-তরুণদের গড়া দলের সমাবেশ শহীদ মিনারে শুরু হবে বেলা ৩টায়। ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ এর দাবিতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সমাবেশ চলবে।
এই সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশ’ এর ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে এতে যোগ দিতে সারাদেশের নেতা-কর্মী-সমর্থকদের আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
একদিন আগে থেকে সেখানে সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছিল। সেই কাজ তদারকিতে রাতভর দেখা গেছে এনসিপি নেতাদের।
শাহবাগে ছাত্রদলের সমাবেশ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলার ঘোষণা দেওয়া হলেও নেতারা বক্তব্য দেবেন বিকালে।
শাহবাগ মোড়ে সড়কের ওপর মঞ্চ নির্মাণ করে এই সমাবেশ হচ্ছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির মঞ্চ নির্মাণের কাজ পরিদর্শনও করেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষা চলার মধ্যে এই দুটি সমাবেশ হওয়ায় যানজটের আশঙ্কায় শাহবাগ মোড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ডিএমপি; পরীক্ষার্থীদের বলা হয়েছে হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের রওনা হতে।

শাহবাগে সমাবেশের কারণে দুর্ভোগের জন্য ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল।
বিএনপির ছাত্র সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, তারা শহীদ মিনারে এই সমাবেশ করতে চেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন। কিন্তু এনসিপির অনুরোধে তাদের সেই স্থানটি ছেড়ে দিয়ে তারা শাহবাগে সমাবেশের সিদ্ধান্ত নেয়।
“জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদেরকে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে।”
জনগণের কাছে দুঃখ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যেকোন ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করছি। প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবেন।”
বিকল্প পথ
শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত সমাবেশের কারণে জনসাধারণকে এই এলাকা এড়িয়ে বিকল্প পথ ব্যবহারে শনিবার গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি।
তাতে বলা হয়, সভা-সমাবেশ ও অনুষ্ঠানের কারণে রবিবার শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক জনসমাগম ঘটবে। যার কারণে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না। এ অবস্থায় নগরবাসীকে এসব এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
সোনারগাঁও ক্রসিং বা বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিকে থেকে আসা গাড়িগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সোজা শাহবাগের দিকে না গিয়ে বাঁয়ে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টো রোড হয়ে যাতায়াত করবে।
সায়েন্স ল্যাব ক্রসিং থেকে এলিফ্যান্ট রোড হয়ে আসা গাড়িগুলো কাঁটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত বা পলাশী হয়ে অথবা কাঁটাবন মোড় থেকে বাঁয়ে মোড় নিয়ে হাতিরপুল রাস্তা হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।
হাইকোর্ট কদম ফোয়ারা ক্রসিং হয়ে আসা গাড়িগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার) রোড হয়ে চলাচল করবে। কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিকে আসা গাড়িগুলো মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাই কোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে। নীলক্ষেত ক্রসিং বা দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা গাড়িগুলো টিএসসি বা রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর বা নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।
দুই সমাবেশ ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছে পুলিশ।



