Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডি : উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

highcourt
[publishpress_authors_box]

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে সাত দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের প্রেক্ষাপটে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী এ আর রায়হানের আনা এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ এই নির্দেশনা দেন বলে জানিয়েছে বাসস।

এছাড়া শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নাম্বার ও শিক্ষার্থীর রক্তের গ্রুপ উল্লেখের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অন্তর্বর্তীকালীন এসব আদেশের পাশাপাশি হাইকোর্ট ক্ষতিপূরণ বিষয়ে রুল জারি করেছেন। 

রুলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের ৫ কোটি টাকা ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল জারি করেছেন এবং আহতদের দেশে কিংবা প্রয়োজনে বিদেশে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে বলেও জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন- সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। 

রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার দুপুরে বিধ্বস্ত হয়ে পড়ে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজের প্রাথমিক শাখার ভবনে।

এই দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ৩১ জন নিহত হন, যাদের অধিকাংশই শিশু। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে রয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত