ভারতের পেশাদার কাবাডি লিগ প্রো-কাবাডির এবারের মৌসুমের নিলাম ৩১ মে ও ১ জুন। এবারের নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ দশ জন খেলোয়াড় চেয়েছে আয়োজকরা।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন যে দশ জনের নাম পাঠিয়েছে এরা হলেন মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, “নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আমাদের মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা নেপাল কাবাডি লিগে ছয়জন খেলোয়াড় পাঠিয়েছি। এবার প্রো কাবাডি লিগের নিলামের জন্য আমরা দশজন খেলোয়াড় বাছাই করে তাদের নাম পাঠিয়েছি। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে। সেই কমিটি সবকিছু যাচাই করে খেলোয়াড় নির্বাচন করেছে। এখানে নিলামে তিনজন খেলোয়াড় প্রাধান্য পাবে যারা সাম্প্রতিক
আসরগুলোতে খেলে এসেছে। এই তিনজন খেলোয়াড় হচ্ছে মিজান, লিটন, আরিফ রব্বানী।”
প্রো কাবাডির নিলামের জন্য ইরানের পরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চাওয়া হয়েছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, “প্রো কাবাডির নিলামে এই মুহূর্তে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। ইরানের পরই আমাদের অবস্থান। আমাদের এখান থেকে দশজন চেয়েছে। নেপাল, কেনিয়া, থাইল্যান্ড সেই সব দেশে আমাদের চেয়ে কম সংখ্যক খেলোয়াড় চাওয়া হয়েছে।”

