ক্যারিয়ারের সেরা ছন্দে নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে করেন ৫১। আজ (মঙ্গলবার) বাছাইপর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে খেললেন ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস।
জ্যোতির আলোয় আলোকিত বাংলাদেশও। স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাট করে পেয়েছে ৬ উইকেটে ২৭৬ রানের পুঁজি। থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ ছিল ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আজ সেটা ছাড়িয়ে বাংলাদেশ করল ৬ উইকেটে ২৭৬ রান। একই টুর্নামেন্টে ছয় দিনের ব্যবধানে নিজেদের রেকর্ডই ভাঙল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই বাংলাদেশকে যেন রেকর্ড ভাঙা-গড়ার নেশাতেই পেয়েছে।
বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ওপেনার ইশমা তানজিম ফেরেন ১৪ রানে। দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আকতারের ১০৩ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় বাংলাদেশ। ফারজানা ৮৪ বলে ৫৭ আর শারমিন ফেরেন ৭৯ বলে ৫৭ রানে।

চার নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝড়ো ইনিংসেই রেকর্ড স্কোর পায় বাংলাদেশ। ৫৯ বলে ১১ বাউন্ডারিতে ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ দিকে ফাহিমা খাতুন করেন ২২ বলে ২৬। ক্যাথরিন ব্রাইস নেন ২ উইকেট।
বিশ্বকাপ বাছাইপর্বে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। বাংলাদেশ ২ ম্যাচের জিতেছে ২টি। স্কটল্যান্ড ৩ ম্যাচে জিতেছে ২টি, হেরেছে ১টি। আজ স্কটল্যান্ডকে হারালে ওয়ানডে বিশ্বকাপে একটা পা দিয়ে রাখবে বাংলাদেশ।



