Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সানস্ক্রিন ব্যবহার কি ক্ষতিকর?

sunscreen
[publishpress_authors_box]

ত্বকের যত্নে একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত সানস্ক্রিন। বিশেষজ্ঞদের মতে, ছয় মাসের বেশি বয়সী সবারই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা উচিত, শুধু একবার নয়, প্রতি ৩–৪ ঘণ্টা পরপর পুনরায় ব্যবহার করাও জরুরি। এটি ত্বককে সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রে (ইউভিএ) ও ইউভিবি রশ্মি থেকে রক্ষা করে, যা ত্বকের ক্যান্সার, অকাল বার্ধক্য ও শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে।

বাংলাদেশেও সচেতনতা বৃদ্ধির কারণে সানস্ক্রিন ব্যবহারের হার বেড়েছে। স্ট্যাটিস্টা অনুযায়ী, ২০২৫ সালে দেশের বাজারে সানস্ক্রিন বিক্রির পরিমাণ দাঁড়াবে প্রায় ৯৯৪ কোটি ৮৩ লাখ টাকা। ২০৩০ সাল পর্যন্ত এ বাজার প্রতিবছর ৫ শতাংশ হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তবে সাম্প্রতিক কিছু ভাইরাল ভিডিও সানস্ক্রিনের উপাদানগুলোকে ক্ষতিকর দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভিডিওগুলোতে বলা হয়, রাসায়নিক উপাদান যেমন অক্সিবেনজোন ও অ্যাভোবেনজোন রক্তে শোষিত হয়ে ক্যান্সার ও হরমোন ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। এ প্রসঙ্গে মার্কিন এফডিএ একটি গবেষণায় ছয়টি রাসায়নিক উপাদানের রক্তে শোষণের প্রমাণ পেয়েছে, তবে তারা সানস্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেয়নি। বরং নিরাপত্তা যাচাইয়ের জন্য আরও তথ্য আহ্বান করেছে।

চর্মরোগ বিশেষজ্ঞ ড. কিরণ শেঠি জানান, রাসায়নিক উপাদান রক্তে পৌঁছালেও, তা ক্ষতিকর এমন প্রমাণ নেই। মিনারেল সানস্ক্রিনে ব্যবহৃত জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম ডাই অক্সাইড রক্তে শোষিত হয় না এবং তুলনামূলকভাবে নিরাপদ। ড. গীতিকা শ্রীবাস্তব বলেন, রাসায়নিক সানস্ক্রিন থেকে কোনও বড় স্বাস্থ্যঝুঁকি পাওয়া যায়নি, এমনকি গর্ভবতী নারীদের জন্যও নয়।

অনেকের বিশ্বাস, সানস্ক্রিন ব্যবহারের পর ক্যান্সার বেড়েছে। তবে ড. দীপালি ভরদ্বাজ জানান, সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহার না করাই ঝুঁকির কারণ—যেমন পর্যাপ্ত পরিমাণে না লাগানো বা পুনরায় ব্যবহার না করা। এছাড়া জনসংখ্যা ও ক্যান্সার স্ক্রিনিং বৃদ্ধিও ক্যান্সারের সংখ্যা বাড়ার কারণ হতে পারে। গবেষণায় প্রমাণিত হয়েছে, সানস্ক্রিন মেলানোমা ঝুঁকি বাড়ায় না।

রাসায়নিক সানস্ক্রিনের কিছু উপাদান হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে বলে কিছু গবেষণায় ইঙ্গিত মিলেছে, তবে তা এখনো নিশ্চিত নয়। আবার কিছু ব্যবহারকারীর ত্বকে রাসায়নিক সানস্ক্রিনে অ্যালার্জি বা চর্মরোগ দেখা দিতে পারে। এ ক্ষেত্রে মিনারেল সানস্ক্রিন নিরাপদ বিকল্প।

বিশেষজ্ঞদের মতে, দিনের বিভিন্ন সময় ও পরিবেশ অনুযায়ী সানস্ক্রিন বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ঘরের ভেতর মিনারেল সানস্ক্রিন এবং বাইরে দীর্ঘক্ষণ থাকলে ব্রড-স্পেকট্রাম রাসায়নিক সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। সচেতন সিদ্ধান্তই সুরক্ষার প্রথম শর্ত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত