বদলে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম। বিএসএমএমইউ নামে এতদিন পরিচিত থাকা প্রতিষ্ঠানটির নাম এখন ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নাম পরিবর্তনের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। একই সভায় খুলনার ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং সিলেটের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের’ নামও পরিবর্তনের চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়।
বিএসএমএমইউ সূত্রে জানা যায়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে।
এছাড়া শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনার নাম পরিবর্তিত হয়ে ‘খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেটের নাম পরিবর্তিত হয়ে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে।
এর আগে গত আট ফেব্রুয়ারি বদলে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নামফলক। তখন থেকেই প্রতিষ্ঠানটিতে ঝুলছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড। কিন্তু এতদিন এ নিয়ে কোনও সরকারি সিদ্ধান্ত ছিল না।
হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা সেদিন সকাল সন্ধ্যাকে জানিয়েছিলেন, নতুন নামকরণের কাজ শুরু হয় তারও দুতিন দিন আগে পাঁচ ফেব্রুয়ারি রাতের বেলায়। সেই রাতেই মুছে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচ ফেব্রুয়ারি রাত ১২টার দিক থেকে বিএসএমএমইউর সি ব্লকের সামনে টানানো সাইনবোর্ড খুলে ফেলা হয়। সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে খুলে ফেলা হয় বঙ্গবন্ধুর নাম লেখা বিভিন্ন সাইনবোর্ড। সেইসঙ্গে ডি-ব্লকের পুরোনো সাইনবোর্ডের উপরে বসানো হয় নতুন সাইনবোর্ড।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার।
দেশে ক্ষমতার এই পালাবদলের পর বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ তাদের পরিবারের সদস্যদের নামে থাকা প্রতিষ্ঠানগুলোর নাম বদলে ফেলা শুরু হয়। সরকারিভাবেই বেশকিছু বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের নতুন নামকরণ করা হয়। গত সপ্তাহেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশকিছু হলের নাম নিজেরাই পরিবর্তন করে নাম ফলক বসিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সেই নাম পরিবর্তনে সবশেষ সংযোজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমএমইউ। দীর্ঘদিন যা পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল।
১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট অব পোস্টগ্রাজুয়েট মেডিকেল রিসার্চ (আইপিজিএমআর) হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৮ সালে দেশে উচ্চ চিকিৎসা-শিক্ষা, সেবা-শিক্ষা ও গবেষণার সুবিধা সম্প্রসারণের জন্য এটিকে একটি স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপ দেয় সরকার।



