ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের (এইচ টি ইমাম) ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলো- শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) ও শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা-পুত্র।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গুলশান-২ এর রোড নং ৮১ এ অবস্থিত ৮/আই নং বাসার চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনাস্থল থেকে আটক তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকালে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা।
৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে শাকিল খন্দকার, তার বাবা জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকার ছিলেন। তিনিই মূলত জনতাকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে- তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালালোর উস্কানি দেন।
এর আগে গত পরশু দিন রাত সাড়ে ১০টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে। পরবর্তী সময়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে আবারও সতর্ক করছে যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনও অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়।
সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে আটক তিনজনসহ অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মূলত লুটপাট করতে ওই বাসায় প্রবেশ করে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার তিনজন কারাগারে
এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহমেদকে বুধবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. ফরিদ হোসেন তাদের আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। দুই পক্ষের শুনানি নিয়ে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার জ্যেষ্ঠ মুখ্য মহানগর হাকিম মো.জিয়াদুর রহমানের আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত ৪ মার্চ রাত ১১ টা ৫০ মিনিটে গুলশানে ২ নম্বর রোডের ওই বাসায় ১৪-১৫ জন হঠাৎ বেআইনি জনতাবদ্ধভাবে উপস্থিত হয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। আসামিরা বাসার লোককে মারধর করে কি কি আছে জানতে চায়। আসামিরা আলমারি ভেঙে স্বর্ণের চেইন, হাতের আংটিসহ মোট ২ ভরি আট আনা স্বর্ণ নেন, যার মূল্য ৩ লাখ টাকা। এসময় তারা আলমারি থেকে জিনিসপত্র ভাঙচুর করে মেঝেতে ফেলে দেয়।
দেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি, যে কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা থাকা অবস্থায় ২০২১ সালের মার্চ মাসে ৮২ বছর বয়সে মারা যান এইচ টি ইমাম। তিনি কখনও নির্বাচনে লড়েননি। তার ছেলে তানভীর ইমাম সিরাজগঞ্জ-৪ আসনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেপ্তার তানভীর ইমামকে সম্প্রতি ২০১৮ সালের এক ঘটনায় করা মামলায় রিমান্ডে নেওয়া হয়।
গত ২ মার্চ তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজে ইসমত ইমামের বিরুদ্ধেও পৃথক মামলা করা হয়েছে। এই দুই মামলায়ও আসামি করা হয়েছে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে।



