Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

লোটাস কামাল পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

mustafa kamal
[publishpress_authors_box]

সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার স্ত্রী কাশমিরী কামাল এবং দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এই আদেশ দেয়।

তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহা. নুরুল হুদা।

আবেদনে বলা হয়, আসামি আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সম্পর্কিত মামলার তদন্ত চলমান রয়েছে। আসামি আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল, তার স্ত্রী ও মেয়েরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাবে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

গত ১৩ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।

মামলার বিবরণ থেকে জানা যায়, মুস্তফা কামাল ও তার স্ত্রীর যথাক্রমে ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকা ও ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকার ‘অবৈধ’ সম্পদ রয়েছে।

তাদের মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ যথাক্রমে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকা ও ৬২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৬ টাকা।

কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল ২০১৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ২০২৪ এর মন্ত্রিসভায় তিনি পদ পাননি।

বিসিবির ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতিও ছিলেন তিনি। তার ব্যবসায়ী মেয়ে নাফিসা কামাল ছিলেন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক।

তবে ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের আগেই চিকিৎসার কথা জানিয়ে পরিবার নিয়ে লোটাস কামাল দেশ ছাড়েন বলে গণমাধ্যমে খবর এসেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত