Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রেস্তোরাঁ উদ্বোধনে বাধা পেলেন অপু বিশ্বাস; মাহি বললেন, শিল্পীদের ‘ইউনিটি কম’

apu-biswas-restaurant-inauguration
[publishpress_authors_box]

ধর্মীয়গোষ্ঠির আপত্তির মুখে মেহজাবীন, পরীমনির শো রুম উদ্বোধনে বাধা পাওয়ার তালিকায় এবার নাম উঠল চিত্রনায়িকা অপু বিশ্বাসের।

মঙ্গলবার ঢাকার কামরাঙ্গীচর এলাকায় একটি রেস্তোরাঁর উদ্বোধনকে কেন্দ্র করে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে শো-বিজের কোনও সেলিব্রিটির ক্ষেত্রে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলো।

ধর্মীয়গোষ্ঠির আপত্তির মুখে অপু বিশ্বাসকে দিয়ে রেস্তোরাঁ উদ্বোধনের পরিকল্পনা সরে আসেন খোদ রেস্তোরাঁ মালিকরাই। সম্প্রতি টাঙ্গাইলে চিত্রনায়িকা পরীমনির শোরুম উদ্বোধন একইভাবে বাধাগ্রস্ত হয়।

অপু বিশ্বাসের রেস্তোরাঁ উদ্বোধনের বিরোধিতা করে জাতীয় ইমাম পরিষদের সেক্রেটারি জেনারেল আ ফ ম আকরাম হুসাইন তিন দিন আগে একটি ফটোকার্ড ফেইসবুকে পোস্ট করেন। ওই ফটোকার্ডের ক্যাপশনে লেখা ছিল- “হাফেজ্জীর সৈনিকরা গর্জে ওঠার আগেই দ্রুত প্রোগ্রাম ক্যান্সেল করো…”।

তিনি ছাড়াও আরও অনেকেই তাকে অনুসরণ করে অপু বিশ্বাসের রেস্তোরাঁ উদ্বোধনের বিরোধিতা করে পোস্ট দেন। তারই প্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলামের কাছে রেস্টুরেন্টের মালিকরা দেখা করে অপু বিশ্বাসকে আনার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আমীরুল ইসলাম বলেন, “উদ্বোধনের জন্য অপু বিশ্বাসকে আনবে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যখন এমন প্রচার-প্রচারণা শুরু করেছিল, তখন হুজুররা আপত্তি জানান। এখানে দুই শতাধিক মাদ্রাসা আছে। ফেসবুকে হুজুররা প্রতিবাদ জানান। তারা বলেছিলেন, অপু বিশ্বাসকে উদ্বোধনে আনা হলে বিশৃঙ্খলা করবে। আমি ফেসবুকে লেখালেখির স্ক্রিনশটও পেয়েছি। এ বিষয়টা ডিসি স্যারের কাছেও জানানো হয়। আমার কাছে রেস্টুরেন্ট মালিকেরাও আসেন। তারা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি হুজুররা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনবো না। আমরা ব্যবসা করবো। লোকজন নিয়ে চলতে হবে। কারও সাথে আমাদের বিরোধের দরকার নেই।”

বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এ নিয়ে ফেইসবুকে নিজের ভেরিফায়েড পেইজে অপু বিশ্বাসের পাশে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা মাহিয়া মাহি লিখেছেন, “দুঃখিত অপু দি, আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমনির পর কোন শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫০০০ বার ভাবতে হতো।”

এদিকে, কামরাঙ্গীরচর এলাকার রেস্টুরেন্ট উদ্বোধন করতে না পারলেও মঙ্গলবার কেরানীগঞ্জ এলাকায় একটি শোরুম উদ্বোধন করেছেন অপু বিশ্বাস। আর কামরাঙ্গীরচরের সেই রেস্টুরেন্ট পরে স্থানীয়দের নিয়ে উদ্বোধন করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত