Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শফি মন্ডলের নতুন গান ‘ঠিকানা’

Shofi Mondol feature
[publishpress_authors_box]

আধ্যাত্মিক ও ভাবসঙ্গীতের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ শফি মন্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হলেন।

“পিতার মগজ, মায়ের জঠর, ফুটাইলো ফুল অনুরাগে, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায় শেষের ভাগে” কথামালায় ‘ঠিকানা’ শিরোনামে গানটির বাণী রচনা করেছেন গীতিকবি ও গবেষক শাকির দেওয়ান। গানে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা, সঙ্গীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ।

গানটির গীতিকার শাকির দেওয়ান বলেন, “দিবসের চার প্রহরের মতো মানুষের জীবনচক্রও চারভাগে বিভক্ত। বস্তুবাদী ভাবনা মাওলার নৈকট্য লাভের সাধনা থেকে আমাদের দূরে রাখে। সাধন বিমুখ হয়ে আমরা জীবনের মূল লক্ষ্য থেকে ছিটকে পড়ি। এই ভাব-ভাবনাই ‘ঠিকানা’ গানের প্রেরণা।”

গানটি সম্পর্কে শফি মন্ডল বলেন, “হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তারই পরম্পরায় শাকির দেওয়ানের লেখা ‘ঠিকানা’ গানটি করলাম। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। বিশেষ করে এই গানটির ভিতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা, যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।”

গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, “শ্রদ্ধেয় শফি মন্ডল বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী। তার দরদী কণ্ঠে আমার সুর করা কোনো গান গীত হয়েছে- বিষয়টি ভাবতেই মনের ভিতর একটি অলৌকিক ভাল লাগা কাজ করছে। অণু মোস্তাফিজ ভাইকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি সঙ্গীতায়োজন করে গানটির সৌন্দর্য বাড়ানোর জন্য। আশা করছি, বরাবরের মত শফি মন্ডলের শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।”

নতুন বছর উপলক্ষে শিগগিরই গানচিল ফোক এর ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত